ভাবতেছি কলার চাষ বা কলাগাছ লাগাবো কিছু। একটা গাছে অনেক গুলো কলা হয়, বিষয়টা আমার কাছে ভালো লাগে। কলা খেতে আমার খুব ভালো লাগে। কি জাতের কলা লাগানো যায় এটা নিয়ে গত তিন বছর ধরে চিন্তা করতেছি। ফেসবুক কিভাবে যেন বুঝতে পেরে আমাকে নিয়মিত কলাচাষের ভিডিও দেখাচ্ছে। দেখা যাক কি করা যায়।
আজকে দুপুরে একটা হোটেলে ভাত খেয়ে হাত ধুইতেছি। আমার পাশে যে লোক হাত ধুচ্ছে উনার ঘাড়ে কানের ময়লা পরিস্কার করার বাক্স। মানে উনি রাস্তা ঘাটে অন্যের কানের ময়লা পরিস্কার করে পয়সা উপার্জন করেন। উনি আর আমি একই হোটেলে ভাত খেয়েছি। আমি অবশ্য কটন বাড রাখি, কটন বাড দিয়েই কানের ময়লা রেগুলার পরিস্কার করি। আমার মা সেলাই এর সুই দিয়ে কানের ময়লা পরিস্কার করত মাঝে মাঝে, কোন দিন দেখেছি ঝাড়ু দেওয়ার শলা ভেঙে কান খুচাতে।
কানে কোন ময়লা না থাকলেও আমার কান চুলকায়। কান চুলকালে আমি মুখের ভেতর গলার কাছে এক ধরনের শব্দ করতে পারি। এটা সবাই পারে না। যারা পারে না তারা বুঝতেও পারে না ঠিক কোন জায়গা থেকে শব্দটা হচ্ছে। আমার মাকে দেখেছি এই রকম শব্দ করতে। আমি এই রেয়ার স্কিল সম্ভবত মায়ের কাছ থেকে পেয়েছি।
একটা সময় স্কিল লাগত মানুষের, এখন স্কিল লাগে রোবোটের, এআই এর। তবে মানুষের স্কিল শেখা লাগত আর রোবট বা এআইকে স্কিল বলে দিতে হয় বা লিখে দিতে হয়। এআইও শিখে রাখতে পারে নির্ভর করছে কোন বংশের এআই।
গত দুই দিন আমি বাটন ফোন চাপার স্কিল অর্জন করেছি। প্রথম প্রথম বুঝতে পারছিলাম কোন বাটনে চাপ দিয়ে কল দেব আর কোন বাটনে চাপ দিয়ে কল বন্ধ করব। বাটন ফোনের সুবিধা হচ্ছে এতে রিল, শর্ট দেখা যায় না। রাতে ঘুমাতে যাবার আগে রিল দেখে ঘুমাতে দেরি হয় না।
কলা চাষ দিয়ে লেখা শুরু করেছি, তবে শেষ করব কচু দিয়ে। আমি এই সপ্তাহে লতি কচুর কিছু চারা লাগাইছি। কচুর লতি খেতে আমার বেশ লাগে। বারি পানিকচু-১ (লতিরাজ) এবং বারি পানিকচু-৩ এই দুই জাতের কচু লাগাইছি। সবাইকে আমার কচু গাছের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি😏।